সিলেট ছাড়ার রাতেই বিদায়ী ডিসি সারওয়ারের অডিও ভাইরাল

সিলেটের সদ্য সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২৩ জুন) রাতে ফেসবুকের বিভিন্ন ব্যক্তিগত প্রোফাইল ও পেজ থেকে অডিওটি ভাইরাল হয়।
ভাইরাল হওয়া অডিওতে এক গণমাধ্যমকর্মীর সঙ্গে আলাপকালে মাজারের দানবাক্সে পাওয়া অর্থ ও তা সংরক্ষণের বিষয়ে কথা বলতে শোনা যায় সারওয়ার আলমকে। অডিওতে তিনি বলেন, ‘হজরত শাহজালাল (রহ.) মাজার থেকে ১৭ লাখ ৬৫ হাজার ৫৫৯ টাকা এবং কিছু অলংকার পাওয়া গেছে। এ ছাড়া জেলা প্রশাসনের তহবিল থেকে আরও ৫ লাখ টাকা যুক্ত করা হয়েছে। এসব অর্থ জেলা প্রশাসক ও ওয়াক্ফ পরিদর্শকের (ইন্সপেক্টর) যৌথ ব্যাংক হিসাবে জমা রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মাজার কমিটির একজন প্রতিনিধিকে যৌথ হিসাবে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছিল। তবে সংশ্লিষ্ট কাউকে পাওয়া না যাওয়ায় তা সম্ভব হয়নি। পরে জেলা প্রশাসক ও ওয়াক্ফ পরিদর্শকের নামে যৌথ হিসাব খুলে সোনালী ব্যাংকে অর্থ সংরক্ষণ করা হয়। ভবিষ্যতে এই অর্থ কীভাবে ব্যয় হবে, সে বিষয়ে পরবর্তী প্রশাসন, সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও নীতিনির্ধারকেরা সিদ্ধান্ত নেবেন।’
অডিওতে সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সারওয়ার আলম বলেন, ‘আমি সত্যিই ভাগ্যবান যে সিলেটের মানুষের এত ভালোবাসা পেয়েছি। তাদের জন্য খুব বেশি কিছু করতে না পারলেও চেষ্টা করেছি। এই ভালোবাসার জন্য আমি সিলেটবাসীর কাছে আজীবন ঋণী। ভবিষ্যতে সুযোগ পেলে যেখানেই থাকি না কেন, সিলেটের মানুষের জন্য কাজ করার চেষ্টা করব।’
হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.) মাজারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন উদ্যোগের কারণে সম্প্রতি আলোচনায় আসেন ডিসি সারওয়ার আলম। গত ২১ জুন তাকে সিলেট থেকে প্রত্যাহার করে সরকার। এর আগে মাজারের দানবাক্সে জমা হওয়া চার দিনের অর্থ প্রকাশ্যে গণনার উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়ায়। মঙ্গলবার দুপুরে তিনি বিমানযোগে সিলেট ত্যাগ করেন।






