সুনামগঞ্জের দুটি বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা

সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল বিভাগের ১৩ সেপ্টেম্বর আদেশের পরিপ্রেক্ষিতে যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক বলেন, আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মহোদয়ের নিষেধাজ্ঞা অনুযায়ী যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বালু উত্তোলন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

