কচুরিপানার নিচে ১০ ঘণ্টা লুকিয়ে থেকেও ধরা দুই গরু চোর

এশিয়া পোস্ট নিউজ, নাটোর
কচুরিপানার নিচে ১০ ঘণ্টা লুকিয়ে থেকেও ধরা দুই গরু চোর
আটককৃত দুজন। ছবি : সংগৃহীত

পুলিশের হাত থেকে বাঁচতে কচুরিপানার নিচে ১০ ঘণ্টা ডুব দিয়ে লুকিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি দুই গরু চোরের। নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকার একটি জলাশয় থেকে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের আটক করেছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে আটকের পর অসুস্থ অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আটককৃতরা হলো ময়মনসিংহের নান্দাইল থানার বেতাকুড়-আতারামপুর এলাকার হাবিবুর রহমান এবং জয়পুরহাটের পাঁচবিবি থানার মইপুর গোপালপুর গ্রামের ফেরদৌস।

পুলিম সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই রানীনগর থানায় একটি গরু চুরির মামলা দায়ের হয়। সেই মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নওগাঁর আত্রাই থানার আসলাম দেওয়ানকে আটক করে র‍্যাব। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসায় রানীনগর থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসলাম দেওয়ান চক্রের ৫-৬ সদস্যের একটি গরু চোর চক্র মিনি ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করে। চৌগ্রাম-কালিগঞ্জ সড়ক দিয়ে পলায়নপর অবস্থায় পুলিশ তাদের ধাওয়া করলে চোরেরা গাড়ি ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় চক্রের দুজন সদস্য রাস্তার পাশের একটি গভীর জলাশয়ের কচুরিপানার নিচে ঝাঁপ দিয়ে আত্মগোপন করে।

ঘটনাস্থলে থানা পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপস্থিত হয়ে চোরদের আটকের চেষ্টা চালান। এরপর শত শত এলাকাবাসী জলাশয়টি ঘিরে ফেলে তল্লাশি শুরু করেন। দীর্ঘ ১০ ঘণ্টা কচুরিপানার নিচে লুকিয়ে থাকার পর অবশেষে তাদের খুঁজে বের করে এলাকাবাসী পুলিশের হাতে তুলে দেয়।

এ বিষয়ে নওগাঁর রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, আটককৃতদের বিরুদ্ধে সিংড়া থানায় নতুন মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি নওগাঁর গরু চুরির মামলায় তাদের শোন অ্যারেস্ট দেখানো হবে। বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

বিষয় :নাটোর