logo

ট্রাক-পিকআপে গাদাগাদি করে বিপজ্জনক ঈদযাত্রা

ট্রাক-পিকআপে গাদাগাদি করে বিপজ্জনক ঈদযাত্রা

পবিত্র ঈদুল ফিতরের টানা এক সপ্তাহের লম্বা ছুটি শুরু হয়েছে। উৎসবের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিতে নাড়ির টানে গ্রামের বাড়ির দিকে ছুটছে মানুষ। রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গের শেষ সীমান্ত চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে এখন হাজারো মানুষের স্রোত। ঈদযাত্রায় চাঁপাইনবাবগঞ্জে দেখা গেল ট্রাক ও পিকআপে করে মানুষের ঘরে ফেরা।

বুধবার (১৮ মার্চ) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের প্রবেশমুখ দ্বারিয়াপুর ও বিশ্বরোড মোড় এলাকায় যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে।সরেজমিনে দেখা গেছে, ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানবাহনের তীব্র চাপ থাকলেও এখন পর্যন্ত বড় যানজট নেই। শত শত মানুষ ট্রাক ও পিকআপে গাদাগাদি করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

খোলা ট্রাকে নেই কোনো বসার ব্যবস্থা বা নিরাপত্তার রেলিং। হঠাৎ ব্রেক করলে বা মোড় নিলে যাত্রীরা ছিটকে পড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া মহাসড়কের দুই পাশে থাকা নিচু গাছের ডালগুলো ট্রাকের ওপর থাকা যাত্রীদের ভয়ের কারণ।

রাজধানী থেকে আসা যাত্রী মারেফুর ইসলাম জানান, বাস কাউন্টারগুলোতে টিকিট নিয়ে কারসাজি করা হচ্ছে। যেসব বাসে দু-একটি সিট পাওয়া যাচ্ছে, সেখানে ৬০০ টাকার ভাড়া ১০০০ থেকে ১৫০০ টাকা দাবি করা হচ্ছে। বাড়তি ভাড়ার নৈরাজ্য থেকে বাঁচতে খোলা ট্রাকই একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে।

যাত্রী সাদ্দাম হোসেন জানান, দীর্ঘ সময় ধরে ট্রাকে দাঁড়িয়ে থাকায় অসুস্থ হয়ে যেতে হয়। তারপরও অনেকে বাধ্য হয়ে পরিবার নিয়ে এভাবে যাতায়াত করছেন।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমাদের নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।