পুলিশের সামনেই আওয়ামী লীগের মিছিল, কী বলছেন বৈছাআর নেতাকর্মীরা

গাইবান্ধায় পুলিশের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল করার প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতাকর্মীরা।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে গাইবান্ধা পৌর শহরের ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বৈছাআ। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর ১ নম্বর রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’; ‘খুনিদের ঠিকানা, সোনার বাংলায় হবে না’; ‘আওয়ামী লীগ বাড়িস না, পিঠের চামড়া থাকবে না’- এ রকম বিভিন্ন ধরনের স্লোগান দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ ছাড়া ‘পুলিশ তুমি পোশাক খোলো, মুজিব কোট গায়ে পড়ো’; ‘আওয়ামী লীগের পাহারাদার পুলিশ’ এমন স্লোগানও দেন তারা।
এদিকে, বিক্ষোভ মিছিলের খবর পেয়ে আওয়ামী লীগ অফিসের সামনে গিয়ে অবস্থান নেয় পুলিশ। এ সময় শহরের ডিবি রোডের প্রধান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন পথচারীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ৫ অগাস্টের পর শনিবার (২১ ফেব্রুয়ারি) নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ-ছাত্রলীগ মিছিল করে। পুলিশের উপস্থিতিতে এমন কর্মকাণ্ড করার সাহস পায় কীভাবে? এর তীব্র প্রতিবাদ জানান তারা।
বৈছাআ’র গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক মোস্তাকিম জিম বলেন, রাঘব বোয়ালদের আটক না করে চুনো পুঁটিদের গ্রেপ্তার করছে পুলিশ। তাদের আবার জামিনে ছেড়েও দেওয়া হচ্ছে। এর দায় প্রশাসনকেই নিতে হবে।