logo
Advertisement

যশোরে ঘর থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, যশোর
যশোরে ঘর থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার
বাঘারপাড়া থানা। ছবি: সংগৃহীত

যশোরের বাঘারপাড়ায় নিজ বাড়ি থেকে মা ও শিশুপুত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার দোহাকুলা ইউনিয়নের খলশী গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলেন ওই গ্রামের জাকির হোসেনের স্ত্রী জুবায়দা খাতুন (৩২) এবং তাদের ছয় বছর বয়সী ছেলে জিসান।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে খবর পেয়ে প্রতিবেশীরা জাকির হোসেনের ঘরের খাটের ওপর মা-ছেলের মরদেহ দেখতে পান। শিশু জিসানের হাত-পা গামছা দিয়ে বাঁধা ছিল এবং একই খাটে মা জুবায়দার গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল। ঘটনার সময় জুবায়দার স্বামী জাকির হোসেন বহরামপুর বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। খবর পেয়ে তিনি বাড়িতে ফেরেন।

নিহত জুবায়দার ছোট বোন পিঞ্জিরা জানান, জাকির হোসেন দীর্ঘদিন বিদেশে ছিলেন। বছরখানেক আগে তিনি দেশে ফিরে এসে স্থানীয় বাজারে ব্যবসা শুরু করেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে বাঘারপাড়া থানার উপপরিদর্শক (এসআই) পলাশ বলেন, মরদেহের আলামত দেখে প্রাথমিকভাবে বিষয়টিকে সাধারণ আত্মহত্যা বলে মনে হচ্ছে না। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, ঘটনাটি অত্যন্ত সন্দেহজনক। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

বিষয় :