Advertisement

চুরি করতে গিয়ে গৃহবধূকে হত্যা, দুই আসামি গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, ঝালকাঠি
চুরি করতে গিয়ে গৃহবধূকে হত্যা, দুই আসামি গ্রেপ্তার
গ্রেপ্তার নয়ন ও রিতোষ। ছবি: এশিয়া পোস্ট

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায়কে (৫০) শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, প্রধান আসামি রিতোষ রায়কে গ্রেপ্তারের পর আদালতে দেওয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির সূত্র ধরে মামলার দ্বিতীয় আসামি জুয়েল ওরফে নয়ন ডাকুয়াকে (২৫) রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

প্রধান আসামি রিতোষ রায় ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গরংগল গ্রামের হিরন রায়ের ছেলে। তিনি স্ত্রী পল্লবী রায় ও এক সন্তানকে নিয়ে ঘটনাস্থল ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন। অপর আসামি জুয়েল ওরফে নয়ন ডাকুয়া সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের মির্জাপুর গ্রামের নান্নু ডাকুয়ার ছেলে।

জানা গেছে, গত ১৭ জুলাই রথযাত্রা উপলক্ষে ভবনের অধিকাংশ বাসিন্দা কীর্তিপাশা ও ভিমরুলী এলাকায় ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে বাইরে গেলে সেই সুযোগকে কাজে লাগিয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী রিতোষ তার সহযোগী জুয়েল ওরফে নয়ন ডাকুয়াকে নিয়ে ভবনের দ্বিতীয় তলায় মালিক তপন রায়ের বাসায় চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন। দরজা ভাঙার শব্দে গৃহবধূ মলিনা রায় জেগে ওঠেন এবং একই ভবনের ভাড়াটিয়া রিতোষকে চিনে ফেলেন। ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় দুই আসামি তার মুখ চেপে ধরে হাত-পা বেঁধে ফেলে। পরে মুখে একটি বাজারের ব্যাগ গুঁজে শ্বাসরোধ করে তাকে হত্যা করে।

হত্যাকাণ্ডের পর ঘটনাটিকে সাধারণ চুরির ঘটনা হিসেবে দেখাতে প্রধান আসামি রিতোষ নিজের ভাড়া করা বাসাটিও এলোমেলো করে রাখেন, যাতে সেটিও চুরির শিকার হয়েছে বলে ধারণা সৃষ্টি হয়। এরপর দুই আসামি বাড়ির পেছনের দেয়াল টপকে পালিয়ে যান।

ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন আলামত পর্যালোচনা করে প্রধান আসামি রিতোষকে শনাক্ত ও গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ র‌্যাব-১০-এর সহযোগিতা চাইলে দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে দ্বিতীয় আসামি জুয়েল ওরফে নয়ন ডাকুয়াকে গ্রেপ্তার করা হয়।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, গৃহবধূ মলিনা রায় হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। দুই আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিষয় :ঝালকাঠি