কালিগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের আজগার আলীর ছেলে আব্দুল্লাহ (৮) এবং কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন (৭)।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ইকবাল হোসেন সোনাতলা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা নামাজ আদায় করতে গেলে ওই সময় ইকবাল ও আব্দুল্লাহ বাড়ির পাশের আবু বক্কর শেখের পুকুরের কাছে যায়। এক পর্যায়ে অসাবধানতাবশত তারা দুজনই পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। বিষয়টি প্রথমে স্থানীয় আকবর গাজীর স্ত্রী নাহার বেগমের নজরে আসে। তিনি শিশু দুটিকে পানিতে দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তারা মারা যায়।
কালিগঞ্জ থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

