logo

গুদামের টিনশেড ধসে দুই শ্রমিকের মৃত্যু

গুদামের টিনশেড ধসে দুই শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি গুদামে কাজ করার সময় টিনশেডের চালা ধসে পড়ে দুই শ্রমিক মারা গেছেন। বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারো আউলিয়া বক্তারপাড়া এলাকায় সাগর উপকূলে অবস্থিত ‘অল ট্রেড ইন্টারন্যাশনাল’ নামে একটি ছাই ফ্যাক্টরির গুদামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন মো. ফারুক (৩২) ও মো. জহির (৩৫)। ফারুকের বাড়ি নোয়াখালী ও জহিরের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জাফর বলেন, দুপুরে ৫-৬ জন শ্রমিক গুদামে এসে ওয়েল্ডিং মেশিন দিয়ে একটি টিনশেড চালা সংস্কারের কাজ করছিলেন। একপর্যায়ে হঠাৎ টিনশেডের অ্যাংগেল ভেঙে নিচে পড়ে যায়। এতে ভেঙে পড়া ওই টিনশেডের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে শ্রমিক ফারুক ও জহিরের মৃত্যু হয়। পরে অন্য শ্রমিকরা বাইরে থেকে ক্রেন এনে টিনশেড চালা তুলে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বারো আউলিয়া থেকে দুই শ্রমিককে হাসপাতালে আনা হয়, তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, গুদামে দুই শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।