এএসআইয়ের ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ওপর হামলা করে ছিনিয়ে নেওয়া পিস্তল ও দুটি ম্যাগাজিনসহ ১৬টি গুলি উদ্ধার করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের এক সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। গ্রেপ্তার মিশাল শহরের দেওভোগ পানির ট্যাংকি এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা রয়েছে। আরও কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সুপার বলেন, সোমবার গভীর রাতে বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় পুলিশ কর্মকর্তার অস্ত্র ছিনতাইকারী মিশালকে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ছিনতাই করা পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬টি গুলি উদ্ধার করা হয়।
মিজানুর রহমান জানান, পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় সদর মডেল থানায় মামলা হয়েছে। সেই মামলায় মিশালকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া ছিনতাইয়ের ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। এদিকে দায়িত্বহীনতার কারণে পুলিশ কর্মকর্তা লুৎফর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে সোমবার ভোর ৬টায় শহরের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর রহমান ইউনিফর্ম পরিহিত অবস্থায় মোটরসাইকেলে টহল দিচ্ছিলেন। নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে একটি মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী তার পথরোধ করে সরকারি পিস্তলটি নিয়ে যায়। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে জড়িতদের শনাক্ত করে পুলিশ।