logo

দুর্নীতি রোধ না হলে কোনো পরিকল্পনাই সফল হবে না : তারেক রহমান

দুর্নীতি রোধ না হলে কোনো পরিকল্পনাই সফল হবে না : তারেক রহমান

দুর্নীতি রোধ করতে না পারলে কোনো উন্নয়ন পরিকল্পনাই সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামে তরুণদের সঙ্গে ‘পলিসি টকে’ যোগ দিয়ে এই কথা জানান তিনি।

তারেক রহমান বলেন, আইনশৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী করা এবং দুর্নীতি রোধ করতে না পারলে কোনো উন্নয়ন পরিকল্পনাই সফল হবে না। 

চাঁদাবাজি সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা থাকলে এসব অপরাধ অনেকটাই কমে যাবে।

বিএনপি চেয়ারম্যান বলেন, রাজনীতি করতে গিয়ে আমরা একে অপরকে দোষারোপ করি। সেখান থেকে বেরিয়ে এসে দেশ গড়তে তরুণদের পরামর্শ নিতে চাই।

তরুণদের প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিদেশে পড়াশোনার সময় অনেক শিক্ষার্থী আর্থিক সংকটে পড়েন। তাদের সহায়তায় স্টুডেন্ট লোন চালুর পরিকল্পনা করছে বিএনপি। 

তিনি আরও বলেন, প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়নের চেষ্টা না করলে রাজনৈতিক দলের প্রতি জনগণের আস্থা থাকে না।

খাল খনন করলে বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা থেকে মুক্তির পাশাপাশি ভূগর্ভস্থ পানির মজুতও বাড়ানো যাবে জানিয়ে তিনি বলেন, তাই ক্ষমতায় গেলে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে আমাদের।

 

প্রতিশ্রুতি দিয়ে বাস্তবায়নের চেষ্টা না করলে রাজনৈতিক দলের কোনো লাভ নেই, জনগণ তাদের পাশে থাকবে না বলেও মন্তব্য করেন বিএনপির চেয়ারম্যান।

বিএনপি ভোকেশনাল ইনস্টিটিউটগুলোতে বিশেষ নজর দিতে চায় জানিয়ে তারেক রহমান বলেন, আগামী ৫-১০ বছরে কী ধরনের ভোকেশনাল কাজ বৈশ্বিকভাবে গুরুত্ব পাবে, সেগুলো খুঁজে বের করে কারিকুলামে অন্তর্ভুক্ত করা হবে। প্রশিক্ষণ এবং ভাষা শিখিয়ে যদি বিদেশে কাজে পাঠানো হয় তাহলে বিশেষ মানের শ্রমশক্তি রপ্তানি করা যাবে।

স্বাস্থ্যখাত প্রসঙ্গে তারেক রহমান বলেন, শুধু হাসপাতাল নির্মাণ টেকসই সমাধান নয়। হেলথ কেয়ারার নিয়োগ দিয়ে ঘরে ঘরে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে চায় বিএনপি।

শিক্ষা ব্যবস্থার উন্নয়নে স্কুলগুলোকে অডিও-ভিজ্যুয়াল সংযোগের আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের সেরা শিক্ষকদের পাঠদান নিশ্চিত করা যাবে। একইভাবে শিক্ষকদের প্রশিক্ষণদের জন্যও আধুনিক ডিভাইস সরবরাহ কথাও বলেন বিএনপি চেয়ারম্যান।