পয়োনিষ্কাশনের পথ নিয়ে বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায পয়োনিষ্কাশনের জায়গা নিয়ে বিরোধের জেরে মো. ওবাইদুল নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, রোববার বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া ব্রিজঘাটা এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, স্থানীয় জনতা ধাওয়া করে ঘটনার সঙ্গে জড়িত নিহতের চাচা বুদরুচ মিয়া ও চাচাতো ভাই ইমরান ওরফে বাচ্চা ড্রাইভারকে আটক করে পুলিশে দেয়। আরও দুই অভিযুক্ত—হাছান ও ইকবাল পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, পয়োনিষ্কাশনের পথ নিয়ে দীর্ঘ দিন ধরে নিহত ওবাইদুলের সঙ্গে তার চাচা ও চাচাতো ভাইদের বিরোধ চলছিল। রোববার বিকেলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় ওবাইদুলকে গাছের বাটাম দিয়ে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. হিলাল উদ্দিন জানান, ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।





