Advertisement

পাবনায় স্কুলশিক্ষককে হত্যার পর আলামত নষ্ট করতে ঘরে আগুন

এশিয়া পোস্ট নিউজ, পাবনা
পাবনায় স্কুলশিক্ষককে হত্যার পর আলামত নষ্ট করতে ঘরে আগুন
পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ছবি: এশিয়া পোস্ট

পাবনার আটঘরিয়ায় গীতা রানী নামে এক স্কুলশিক্ষকের মরদেহ বাড়ির পরিত্যক্ত টয়লেটের ট্যাংকি থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে আটঘরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত গীতা রানী (৪৫) একদন্ত বারইপাড়া গ্রামের নন্দ দাসের স্ত্রী। তিনি চাচকিয়া ব্র্যাক মাধ্যমিক স্কুলের শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা ঘরের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় গীতা রানী বিষয়টি টের পেয়ে বাধা দিলে দুর্বৃত্তদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। স্থানীয়দের ধারণা, একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহটি বাড়ির পরিত্যক্ত টয়লেটের ট্যাংকিতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

হত্যাকাণ্ডের পর আলামত নষ্টের উদ্দেশ্যে দুর্বৃত্তরা নিহতের বসতঘরে আগুন ধরিয়ে দেয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বৃহস্পতিবার দুপুরে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজির একপর্যায়ে টয়লেটের ট্যাংকিতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ছাড়া ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের সম্পর্কে বিস্তারিত জানা যাবে।