logo

চাঁদপুরে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

চাঁদপুরে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার
গ্রেপ্তার বাবা ও ছেলে। ছবি : এশিয়া পোস্ট

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম রাজারগাঁও গ্রামের খান বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন একই গ্রামের মো. কাউছার খান (৪৩) ও তার ছেলে মো. পারভেজ খান (২৫)।

দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় থেকে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের একটি দল হাজীগঞ্জ থানাধীন পশ্চিম রাজারগাঁও গ্রামের খান বাড়িতে অভিযান চালায়।

এ সময় কাউছার ও পারভেজের বসতঘরের দক্ষিণ পাশের একটি কক্ষে তল্লাশি চালানো হয়। সেখান থেকে দুটি পৃথক পলি প্যাকেটের ভেতর ২০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্যসহ কাউছার ও তার ছেলে পারভেজকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাজীগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান বলেন, অধিদপ্তরের উপপরিদর্শক মো. সোহেল রানা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় প্রসিকিউশন দাখিল করেছেন। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।