কুষ্টিয়ায় চুরির অভিযোগে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ফোন চুরির অভিযোগে রুহুল হোসেন নামের এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করার খবর পাওয়া গেছে। মারধরে তার একটি পা ভেঙে গেছে। তার মাথার চুল কেটে দেওয়া হয়। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রুহুল হোসেন পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার স্বরূপের ঘোপ এলাকার রশিদ হাজামের ছেলে।
পুলিশ, স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় রুহুল হোসেন জয়রামপুর বাজারে গেলে সেখানকার এক ব্যক্তির আইফোন চুরির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ অভিযোগে স্থানীয় কয়েকজন তাকে আটক করেন। একটি দোকানের খুঁটির সঙ্গে বেঁধে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তার একটি পা ভেঙে যায়। পরে তার মাথার চুলও কেটে দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে রুহুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন বলেন, আহত যুবকের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রুহুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
