চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ১০ বছর বয়সি শিশু শিক্ষার্থী মরিয়ম খাতুনকে ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোক্তাগীর আলম এ রায় ঘোষণা দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত ও এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২১ ডিসেম্বর জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মরিয়ম খাতুন কয়েকজন শিশুসহ মাঠে শাক তুলতে যায়। শাক তুলে দেওয়ার কথা বলে আসামি আবুল হোসেন মরিয়মকে একটি ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণের পর হত্যা করে।
আবুল হোসেনের বাড়ি পার্শ্ববর্তী গয়েশপুর গ্রামে। তদন্ত শেষে পুলিশ অভিযুক্ত আবুল হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী এমএম শাহজাহান মুকুল বলেন, বিচারে ৩১ জনের সাক্ষ্য নেওয়া হয়। আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।
.png)





