logo
Advertisement

শুল্ক ফাঁকি দিয়ে সৌদি থেকে ৩১ ভরি স্বর্ণ পাচার

এশিয়া পোস্ট নিউজ, কক্সবাজার
শুল্ক ফাঁকি দিয়ে সৌদি থেকে ৩১ ভরি স্বর্ণ পাচার
পাচার করা স্বর্ণসহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড। রোববার দুপুরে কক্সবাজার কোস্ট গার্ড স্টেশন কার্যালয়ে তোলা। ছবি: এশিয়া পোস্ট

সৌদি আরব থেকে শুল্ক ফাঁকি দিয়ে কক্সবাজারে পাচারের সময় ৩১ ভরি স্বর্ণালংকারসহ চোরাচালান চক্রের দুই সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণালংকার ছাড়াও চারটি মোবাইল ফোন, নগদ টাকা, সৌদি রিয়াল ও সৌদি আরবের তিনটি এটিএম কার্ড জব্দ করা হয়।

Advertisement

রোববার (২৩ আগস্ট) দুপুরে কক্সবাজার কোস্ট গার্ড স্টেশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোস্ট গার্ডের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন।

আটক দুজন হলেন, কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোনারপাড়া এলাকার মোহাম্মদ বেলালের ছেলে মো. আজিম ও একই এলাকার মৃত লাল মোহাম্মদের ছেলে মো. ফারুক।

লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন জানান, শনিবার সন্ধ্যায় কক্সবাজার বিমানবন্দর দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণের একটি চালান দেশের অভ্যন্তরে নেওয়ার তথ্য পান তারা। বিমানবন্দর এলাকার বাইরে নজরদারি বাড়ায় কোস্ট গার্ডের একটি দল।

কক্সবাজার শহরের নতুন ফিশারি ঘাট এলাকায় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামার সংকেত দেন কোস্টগার্ড সদস্যরা। মোটরসাইকেলে থাকা দুজন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে মোটরসাইকেলটি জব্দ ও দুই আরোহীকে আটক করা হয়।

আরাফাত হোসেন আরও জানান, আটকদের সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ৩১ ভরি স্বর্ণালংকার, চারটি মুঠোফোন, নগদ ৫ হাজার ৭৪২ টাকা, ১০ সৌদি রিয়াল ও সৌদি আরবের তিনটি এটিএম কার্ড পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানিয়েছেন, তারা স্বর্ণগুলো সৌদি আরব থেকে নিয়ে এসেছেন।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।