logo

গাজীপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, খুশি বাবা

গাজীপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, খুশি বাবা

​গাজীপুরের কাপাসিয়ায় এক গৃহবধূ একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকদের মধ্যে তিনটি ছেলে ও দুটি মেয়ে। বর্তমানে মা ও পাঁচ শিশু সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রোববার (৫ এপ্রিল) ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ শিশুর জন্ম হয়।

প্রসূতি মাসুমা বেগম কাপাসিয়া উপজেলার দিঘাবর গ্রামের কাজল মিয়ার স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৫ এপ্রিল প্রসব বেদনা নিয়ে মাসুমা বেগমকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে একে একে পাঁচ সন্তানের জন্ম দেন তিনি।

​সাধারণত এমন বহুমাত্রিক প্রসবে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি থাকলেও এই নবজাতকদের শারীরিক অবস্থা আশাব্যঞ্জক। চিকিৎসকরা জানিয়েছেন, প্রতিটি শিশুর ওজন ১ কেজি ৪০০ গ্রাম থেকে ১ কেজি ৫০০ গ্রামের মধ্যে। সন্তান প্রসবের পর চিকিৎসকদের পরামর্শে গত রাতে নবজাতকদের কাপাসিয়ার মডিউল কমিউনিটি ক্লিনিকে আইসোলেশনে রাখা হয়।

​ক্লিনিকের চিকিৎসক ডা. কামরুজ্জামান সেলিম বলেন, একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেওয়া অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। তবে সঠিক সময়ে সুচিকিৎসা পাওয়ায় বর্তমানে মা ও শিশুরা সুস্থ আছেন।

এদিকে একসঙ্গে পাঁচ সন্তান পেয়ে আনন্দিত বাবা কাজল মিয়া। তিনি বলেন, আমি কখনো ভাবিনি স্ত্রী-সন্তানদের নিয়ে হাসিমুখে বাড়ি ফিরতে পারব। এটি আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন।