logo

সেন্টমার্টিনে আটকা ৮৯৮ পর্যটক, ১৬ ট্রলারে ফিরলেন ৬০০

সেন্টমার্টিনে আটকা ৮৯৮ পর্যটক, ১৬ ট্রলারে ফিরলেন ৬০০
শনিবার বেলা ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ১৬টি ট্রলারে করে আটকা পড়া পর্যটকেরা শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছান। ছবি : এশিয়া পোস্ট

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সাগর উত্তাল থাকায় সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়া পর্যটকদের মধ্যে ৬০০ জন ট্রলারে করে টেকনাফে ফিরেছেন। তবে দ্বীপটিতে এখনও ৮৯৮ জন পর্যটক অবস্থান করছেন।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৬টি ট্রলারে করে এসব পর্যটক টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছান।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় গত বৃহস্পতিবার থেকে প্রায় দেড় হাজার পর্যটক সেন্টমার্টিনে আটকা পড়েন। তাদের অনেকে দ্রুত বাড়ি ফিরতে চাইলেও উত্তাল সাগরের কারণে নৌযান চলাচল বন্ধ ছিল। পরে শনিবার সকালে কোস্টগার্ডের উপস্থিতিতে ট্রলারে করে পর্যটকদের টেকনাফে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে প্রথমে ৯টি ট্রলার, বিকেল ৪টার দিকে পাঁচটি এবং বিকেল ৫টার দিকে আরও দুটি ট্রলার শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছায়।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য ছৈয়দ আলম বলেন, সাগর উত্তাল থাকায় কক্সবাজার থেকে কোনো পর্যটকবাহী জাহাজ দ্বীপে আসতে পারেনি। তবে শনিবার ১৬টি ট্রলারে করে প্রায় ৬০০ পর্যটক টেকনাফে ফিরেছেন। এখনও ৮৯৮ জনের বেশি পর্যটক দ্বীপের হোটেল ও রিসোর্টে অবস্থান করছেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, তিন দিন ধরে আটকে থাকা পর্যটকদের মধ্যে বাড়ি ফেরার আকুতি দেখা যাচ্ছে। তাদের খোঁজখবর রাখা হচ্ছে। কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিরাপত্তার বিষয়টি নজরদারিতে রেখেছে।

তিনি আরও বলেন, পর্যটকদের আবাসন খরচ কমাতে স্থানীয় কয়েকটি হোটেল কর্তৃপক্ষ কক্ষভাড়া ৫০ শতাংশ কমিয়েছে। দুই হাজার টাকার কক্ষ এখন এক হাজার টাকায় দেওয়া হচ্ছে।

সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়া পর্যটকরা টেকনাফে ফিরেছেন। ছবি : এশিয়া পোস্ট
সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়া পর্যটকরা টেকনাফে ফিরেছেন। ছবি : এশিয়া পোস্ট

তবে ফিরে আসা কয়েকজন পর্যটকের অভিযোগ, তিন দিন দ্বীপে আটকে থাকলেও স্থানীয় প্রশাসন কিংবা হোটেল-রিসোর্ট কর্তৃপক্ষের কাছ থেকে তারা কোনো সহযোগিতা পাননি।

নওশাদ আহমেদ নামের এক পর্যটক বলেন, জাহাজে যাওয়া-আসার টিকিট নিশ্চিত করার পর জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু টিকিটের টাকা ফেরত পাননি তিনি। এ বিষয়ে জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা অসৌজন্যমূলক আচরণ করেন বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে জাহাজ মালিকদের সংগঠন বাংলাদেশ সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জাহাজের হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলেন। টিকিটের টাকা ফেরত চাওয়ার ক্ষেত্রে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বিস্তারিত মন্তব্য না করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এদিকে টানা তিন দিন সেন্টমার্টিন-টেকনাফ নৌযান চলাচল বন্ধ থাকায় দ্বীপে খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হয়। এর মধ্যে শনিবার দুপুর ২টার দিকে দুটি ট্রলারে করে বরফ, খাদ্যদ্রব্যসহ বিভিন্ন মালামাল দ্বীপে পাঠানো হয়েছে।

সেন্টমার্টিন বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত ১৬টি ট্রলারে করে ৬০০ পর্যটক ও ৮০ জন স্থানীয় বাসিন্দা নিরাপদে শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছেছেন। এ ছাড়া ঘাট থেকে দুটি ট্রলারে করে বরফ ও খাদ্যদ্রব্য সেন্টমার্টিনে পাঠানো হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, আটকে পড়া পর্যটকদের নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে। হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের পর্যটকদের প্রয়োজনীয় সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতি অনুকূলে এলে আটকে পড়া পর্যটকদের পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হবে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট