বাগেরহাট/জীবনে আর কখনও মৎস্যজীবী লীগ করব না, সংবাদ সম্মেলনে গিয়াস বালী

বাগেরহাটের কচুয়ায় মৎস্যজীবী লীগের পদ থেকে আজীবনের জন্য পদত্যাগের ঘোষণা দিয়েছেন সংগঠনটির কচুয়া সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ গিয়াস বালী (৬৫)। একই সঙ্গে ভবিষ্যতে বিএনপিতে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কচুয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ ঘোষণা দেন গিয়াস বালী। তিনি উপজেলার টেংরাখালী গ্রামের মৃত জলিল বালীর ছেলে।
সংবাদ সম্মেলনে গিয়াস বালী বলেন, তিনি স্বেচ্ছায় ও ব্যক্তিগত সিদ্ধান্তে মৎস্যজীবী লীগের ৯ নম্বর ওয়ার্ড সভাপতির পদসহ সংগঠনটির সব পর্যায়ের পদ ও সাংগঠনিক কার্যক্রম থেকে আজীবনের জন্য সরে দাঁড়াচ্ছেন। এদিন থেকে সংগঠনটির কোনো পদ-পদবি বা সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে তার আর কোনো সম্পৃক্ততা থাকবে না।
তিনি বলেন, দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছেন। তবে বর্তমানে নিজের ব্যক্তিগত জীবন, ভবিষ্যৎ পরিকল্পনা ও রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে ভাবছেন। এ কারণে মৎস্যজীবী লীগ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
গিয়াস বালী বলেন, ভবিষ্যতে বিএনপিতে যোগদানের ইচ্ছা রয়েছে তার। উপযুক্ত সময়ে দলটির নীতি, আদর্শ ও রাজনৈতিক কার্যক্রম বিবেচনা করে আনুষ্ঠানিকভাবে যোগদানের বিষয়ে সিদ্ধান্ত নিতে চান তিনি।