রাজবাড়ীতে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা

রাজবাড়ীর পাংশা পৌর শহরে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক মো. আকাশ মাহমুদের ওপর হামলার ঘটনা ঘটছে।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক মো. আকাশ মাহমুদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি কালের কণ্ঠের রাজবাড়ী জেলা (মাল্টিমিডিয়া) রিপোর্টার ও এনপিবি নিউজের রাজবাড়ী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
আকাশ মাহমুদ জানান, গত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে ইজিবাইক চালকদের একটি চক্রের দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শনিবার বিকেলে কয়েকজন ছাত্র প্রতিনিধি মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইক চালকদের সঙ্গে কথা বলতে যান।
তিনি আরও জানান, সেখানে উত্তেজনা সৃষ্টি হলে তিনি ঘটনাটি ভিডিও ধারণ করছিলেন। এ সময় তার ওপর হামলা চালানো হয় এবং মোবাইল ফোন থেকে ধারণ করা ভিডিও মুছে ফেলা হয়। পরে তাকে আবারও মারধরের চেষ্টা করা হলে দৌড়ে সেখান থেকে সরে গিয়ে প্রাণে রক্ষা পান বলে দাবি করেন তিনি।
আহত ছাত্র প্রতিনিধি সাগর শিকদার বলেন, মৈশালা-লাঙ্গলবাঁধ সড়কে ইজিবাইক চালকদের একটি সিন্ডিকেট রয়েছে। গত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে ইজিবাইক চালকদের দুর্ব্যবহারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে শনিবার বিকেলে তারা কয়েকজন ছাত্র প্রতিনিধি মৈশালা বাসস্ট্যান্ডে ইজিবাইক চালকদের সঙ্গে কথা বলতে গেলে একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এতে সাংবাদিক আকাশ মাহমুদসহ প্রায় ১০-১২ জন আহত হয়েছেন।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাংবাদিক আকাশ মাহমুদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
.png)






