মুন্সীগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে যুবককে খুন

মুন্সীগঞ্জ সদর উপজেলার পূর্ব শিলমন্দি এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আরিফ ব্যাপারী নামে এক যুবক খুন হয়েছেন।
রোববার (১৪ জুন) সকাল নয়টার দিকে পূর্ব শিলমন্দি জসিমনগর এলাকায় নিজ বাড়ির পাশে জমি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্বজনরা জানান, আরিফ ব্যাপারী স্থানীয় বাজারে কসাইয়ের কাজ করতেন। তার ছোট ভাই আকাশের পাওনা টাকা নিয়ে আরেক কসাই নুর হোসেনের সঙ্গে বিরোধ ছিল। এ নিয়ে শনিবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর জেরে আরিফকে হত্যা করা হয়েছে বলে স্বজনদের দাবি।
পুলিশ জানায়, আরিফের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, আরিফকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও ক্রাইম) কামরান হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টাকা লেনদেনসংক্রান্ত বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
