কারখানাটিতে আগেও আগুন লাগে, বন্ধ করে দিয়েছিল প্রশাসন

ঢাকার কেরানীগঞ্জে কদমতলীর গ্যাস লাইটার কারখানাটিতে আগেও দুইবার আগুন লেগেছিল। পরে সেটি বন্ধ (সিলগালা) করে দেয় প্রশাসন। সিলগালা থাকার পরও প্রশাসনের অনুমোদন না কারখানাটি পুনরায় চালু করে কর্তৃপক্ষ।
শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় এসব তথ্য জানান কেরানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ।
এদিন দুপুর ১টা ১১ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে কারখানাটি থেকে ৫ জনের উদ্ধারের তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।
এ বিয়য়ে কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ জানান, কারখানাটিতে আগেও দুবার অগ্নিকাণ্ড ঘটেছিল। পরে তদন্ত করে কারখানাটিকে সিলগালা করা হয়। কিন্তু কবে আবার পুনরায় চালু করা হয়েছে, তা প্রশাসনের জানা নেই।
ফায়ার সার্ভিস জানায়, কারখানাটি কেরানীগঞ্জের কদমতলী চৌরাস্তায় আল বারাকা হাসপাতালের পাশে অবস্থিত। দেড় ঘণ্টায় ৭ ইউনিটের চেষ্টার পর বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় ব্যবসায়ী এনায়েত হোসেন চৌধুরী বলেন, আগুন লাগার পরপরই আমরা আশপাশের অন্তত ৫০টি বাড়িতে পানি সংগ্রহের চেষ্টা করি, কিন্তু কোথাও পর্যাপ্ত পানি পাওয়া যায়নি।