logo

যুদ্ধ পরিস্থিতির কারণে নিত্যপণ্যের দাম বাড়ার সম্ভাবনা নেই : বাণিজ্যমন্ত্রী

যুদ্ধ পরিস্থিতির কারণে নিত্যপণ্যের দাম বাড়ার সম্ভাবনা নেই : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি পেলেও আমাদের দেশে আসন্ন ঈদযাত্রায় এর কোনো প্রভাব পড়বে না। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ারও কোনো সম্ভাবনা নেই।

শনিবার (১৪ মার্চ) সিলেটে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। বিকেলে নগরের রায়নগর দপ্তরীপাড়া মসজিদ মাঠ প্রাঙ্গণে ১৯ নম্বর ওয়ার্ডের শ্রমজীবী পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ ও সিলেট মহানগর পুলিশের ইফতার মাহফিলে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন।

খন্দকার আবদুল মুক্তাদীর আরও বলেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে কিছুটা সংকট দেখা দিতে পারে। তবে আশা করি অচিরেই যুদ্ধ বন্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে।

যুদ্ধ দীর্ঘায়িত হলে সরকারের পদক্ষেপ কী—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই সরকার জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার। জনগণের নিরাপত্তা ও জীবনযাত্রা স্বাভাবিক রাখতে যা যা করণীয়, সে বিষয়ে সরকার সম্ভাব্য সবধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। সরকারের এই প্রস্তুতির কারণে সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, বিএনপি সরকার গঠনের পর ১৬-১৭ বছরের পুঞ্জীভূত নাগরিক সমস্যা সমাধানে আমরা কাজ করছি। দেশে কর্মসংস্থানের বিরাট ঘাটতি রয়েছে। নির্বাচনি ইশতেহারে যেসব প্রতিশ্রুতি আমরা দিয়েছি তার প্রতিটি বাস্তবায়নের চেষ্টা করব।

 ইফতার মাহফিলে বক্তব্যে তিনি বলেন, জরুরিভিত্তিতে আমরা যেসব কাজে হাত দিয়েছি তার মধ্যে রয়েছে ঢাকা-সিলেট ছয় লেন, সুরমা ও চেঙেরখাল নদীর তীর সংরক্ষণ এবং সিলেটের কর্মসংস্থান সমস্যা ও অপরাধ নির্মূল করা। এই ক্ষেত্রে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করছি।

সিলেট পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডা. মো. শামীমুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব অধ্যাপক ড. মো. শাহনেওয়াজ চৌধুরীর সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনায় আরও বক্তব্য দেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরী প্রমুখ।