logo

ঈদের দিন সড়ক দুর্ঘটনায় ঝরল ১৫ প্রাণ

ঈদের দিন সড়ক দুর্ঘটনায় ঝরল ১৫ প্রাণ
ছবি: সংগৃহীত

সারা দেশে মানুষ ঈদুল আজহা উদযাপন করছেন। পরিবার, স্বজন ও প্রতিবেশীর সঙ্গে ভাগ করে নিচ্ছেন আনন্দ। কারও পরিবারে আনন্দের পরিবর্তে নেমে এসেছে বিষাদের গ্লানি।

এশিয়া পোস্টের জেলা প্রতিবেদকদের পাঠানো তথ্য থেকে জানা যায়, ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে রাত পর্যন্ত সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫ জন।

সবচেয়ে বেশি মৃত্যু গোপালগঞ্জে

গ্রামের বাড়িতে ঈদ উদযাপনের জন্য স্ত্রী ও সন্তানকে নিয়ে ঢাকা থেকে বাসে করে রওনা হয়েছিলেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার কোলারদোনিয়া গ্রামের সোহাগ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার বেদগ্রাম স্ট্যান্ডে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা তিনজনসহ পাঁচজন নিহত হন।

নিহতরা হলেন, সোহাগ, তার স্ত্রী খাদিজা বেগম ও ছয় বছরের ছেলে আহমদ আলী এবং বাগেরহাটের চিতলমারী উপজেলার সমেশ ঢালীর ছেলে শাওন ঢালী ও একই উপজেলার মাহাবুব শেখের ছেলে শোয়েব শেখ।

কোরবানির মাংস বিতরণে নিহত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাসের চাপায় সফিকুল ইসলাম সফি নামের এক দর্জি ব্যবসায়ী নিহত হয়েছেন। ঈদের দিন বৃহস্পতিবার বিকেলে উপজেলার রাজাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সফিকুল ইসলাম সফি ওই এলাকার জবান মোল্লার ছেলে। পেশায় সফিকুল ইসলাম দর্জি ব্যবসা

স্বজনদের বরাতে পুলিশ জানায়, সফিকুল ইসলাম সফি তার বোনকে কোরবানির গরুর মাংস দেওয়ার জন্য বাসা থেকে বের হন। তিনি রাজাবাড়ী প্রাইমারি স্কুল এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় চন্দ্রা পরিবহনের একটি দ্রুত গতির বাস সফিকে চাপা দেয়। তাকে স্থানীয়রা টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেলে বাসচাপায় গেল প্রাণ

নড়াইলের লোহাগড়া উপজেলায় বাসচাপায় মোহাম্মদ সাব্বির হোসেন নামে মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তার বন্ধু সৈকত গাজী আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে উপজেলায় কালনা-নড়াইল-যশোর জাতীয় মহাসড়কের লোহাগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির হোসেন যশোরের অভয়নগর উপজেলার দিঘলিয়া গ্রামের বাবুল গাজীর ছেলে। আহত সৈকত গাজী একই এলাকার রিপন গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাব্বির ও তার বন্ধু মোটরসাইকেলে নড়াইলের দিকে যাচ্ছিলেন। অপরদিকে রোজিনা পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে লোহাগড়া এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই সাব্বির হোসেন মারা যার। আহত হন সৈকত গাজী। স্থানীয়রা সৈকতকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।

এক্সপ্রেসওয়েতে ছিটকে পড়ে বাসযাত্রীর মৃত্যু

মাদারীপুরের শিবচর উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস থেকে পড়ে সাত্তার হাওলাদার নামে এক যাত্রী মারা গেছেন।

বৃহস্পতিবার দুপুরের দিকে এক্সপ্রেসওয়ের পদ্মাসেতু-সংলগ্ন সীমানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাত্তার হাওলাদারের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার বাসিন্দা। তিনি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে প্রচেষ্টা পরিবহন নামের বাসে উঠেছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়, বাসের সামনে (ইঞ্জিন কভারে) বসে ছিলেন সাত্তার হাওলাদার। বাসটি পাঁচ্চর পার হয়ে সীমানা নামক স্থানে গেলে হঠাৎ ব্রেক করে। এ সময় ছিটকে বাস থেকে দরজা দিয়ে বাইরে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পটুয়াখালীর দুই মোটরসাইকেল আরোহী নিহত

পটুয়াখালীর গলাচিপায় ঈদের দিন সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে গলাচিপা উপজেলার একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলা একটি মোটরসাইকেলের সঙ্গে একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মালেকা বেগম নামে এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাওলানা ভাসানী (তিস্তা) সেতুর উত্তর প্রান্তে শহরের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মালেকা বেগম সুন্দরগঞ্জ উপজেলার ডাঙ্গারচর গ্রামের মনছুর আলীর।

পুলিশ জানায়, মেয়ের বাড়িতে যাওয়ার জন্য মালেকা বেগম রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্থানীয়রা।

কর্ণফুলীতে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত দুই, আহত ৩০

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

বৃহস্পতিবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

রাত ৯টা ৩০ মিনিট থেকে আহতদের চমেক হাসপাতালে আনা শুরু হয়। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে।

দুর্ঘটনার শিকার যান দুটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে স্থানীয় প্রশাসবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক জানান, হাসপাতালে আনার পর দুজনের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ঘুরতে বের হয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

বগুড়ার শেরপুরে ঈদের দিন ঘুরতে বের হয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শুভগাছা (শাফলজানি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, পৌর শহরের উলিপুর এলাকার হারুন অর রশিদের ছেলে আবু রায়হান এবং শাহ বন্দেগী ইউনিয়নের ফুলতলা এলাকার তামিম হোসেন। তারা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

আহতরা হলেন, রাজন, সিয়াম, হাসান ও ছামির। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের আনন্দ উদ্যাপন করতে কয়েকজন বন্ধু মোটরসাইকেল নিয়ে ধুনটের দিকে যাচ্ছিলেন। পথে শুভগাছা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আসা আরও একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই আবু রায়হানের মৃত্যু হয়। আহত পাঁচজনকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তামিম হোসেন মারা যান।