logo

ফরিদপুরে আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

ফরিদপুরে আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত
আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় নিহত কৃষক দল নেতা রাজু মোল্লা। ছবি: এশিয়া পোস্ট

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা (৩৪) নামে এক কৃষক দলের নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মহাসড়কে আগুন জ্বালিয়ে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা তিনটি মোটরসাইকেলে আগুন দেয়।এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে কৃষক দলের নেতা রাজু মোল্লা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি কামরুল ইসলাম বলেন, আমরা হামিরদি ও পুকুরদিয়া বাসস্ট্যান্ডে গিয়ে তাদের ধাওয়া করি। এসময় আওয়ামী লীগ সন্ত্রাসীরা বোমা হামলা ও গুলিবর্ষণ করে। এতে ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা নিহত হয়েছেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী মহাসড়কে অবস্থান নেন। তারা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিরুল ইসলাম বলেন, রাজু মোল্লা নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, তিনি মারা গেছেন।

এ বিষয়ে জানতে ফরিদপুরের ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সঙ্গে হোয়াটসঅ্যাপ ও মোবাইল ফোনের মাধ্যমে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

তবে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। গুলি অথবা ককটেলে তার এই মৃত্যু হয়। তবে এই মুহূর্তে নিশ্চিত করে দুটির একটিও বলতে পারছি না।

তিনি আরও বলেন, এ ঘটনার পর থেকে ঢাকা বরিশাল মহাসড়ক রাত সাড়ে ৯টা পর্যন্ত বন্ধ ছিল। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশ কাজ করছে।