logo
Advertisement

সীতাকুণ্ডে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, যানবাহন ভাঙচুর

এশিয়া পোস্ট নিউজ,চট্টগ্রাম
সীতাকুণ্ডে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, যানবাহন ভাঙচুর
সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ। ছবি : এশিয়া পোস্ট

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে।

Advertisement

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সীতাকুণ্ড পৌর সদরের হাসান গোমস্তা মসজিদ এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটে।

বিএনপির নেতাকর্মী ও পুলিশ সূত্র জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী ও উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাহউদ্দিন একই সময়ে পৌর সদরের মুনস্টার কনভেনশন সেন্টারে সমাবেশের আয়োজন করেন। বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে এলে উভয় পক্ষকে পৃথক স্থান ও সময়ে সমাবেশ করার অনুরোধ জানানো হয়।

আসলাম চৌধুরীর অনুসারীরা বেলা সাড়ে ১১টা থেকে মুনস্টার কমিউনিটি সেন্টারে জমায়েত শুরু করেন। কাজী সালাউদ্দিনের অনুসারীরা পৌর সদরের হাসান গোমস্তা মসজিদ এলাকায় অবস্থান নেন।

আসলাম চৌধুরীর অনুসারীরা দুপুরের পর মিছিল নিয়ে হাসান গোমস্তা মসজিদ এলাকায় গেলে কাজী সালাউদ্দিনের অনুসারীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় কয়েক দফা ককটেল বিস্ফোরণে পৌর সদর এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।

কাজী সালাউদ্দিনের অনুসারীদের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে তাদের নেতাকর্মীরা দুপুর ২টার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় অবস্থান নেন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করলে দূরপাল্লার শত শত যানবাহন আটকা পড়ে। যানজট ধীরে ধীরে ১০ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, কর্মসূচির স্থান নির্ধারণ নিয়ে মূলত দুই পক্ষের বিরোধের সূত্রপাত। কাজী সালাউদ্দিনের অনুসারীরা গত ২৭ আগস্ট প্রশাসনের কাছে মুন স্টার ক্লাবের সামনে কর্মসূচির অনুমতি চেয়ে আবেদন করেন। পরবর্তীতে আসলাম চৌধুরীর অনুসারীরাও একই স্থানে কর্মসূচির প্রস্তুতি নেন।

কাজী সালাউদ্দিন বলেন, আমরা নিয়ম মেনে আগে থেকেই আবেদনের মাধ্যমে কর্মসূচির স্থান নির্ধারণ করেছি। জোর করে ঝামেলা সৃষ্টি করতে চাইলে এর দায়ভার তাদেরই নিতে হবে।

অন্যদিকে আসলাম চৌধুরীর অনুসারী মোহাম্মদ মোরছালিন জানান, সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর বাইরে বিকল্প চিন্তা করার কোনো সুযোগ নেই। মুন স্টার ক্লাবের অনুষ্ঠানে তিনিই প্রধান অতিথি থাকবেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে আসলাম চৌধুরী ও কাজী সালাউদ্দিনের অনুসারীরা পৃথক কর্মসূচির আয়োজন করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় দুই পক্ষকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।