logo

সেতু নির্মাণেই ৮ বছর পার, সংযোগ সড়ক না থাকায় নৌকাই ভরসা

কুরবান আলী
দিনাজপুর
সেতু নির্মাণেই ৮ বছর পার, সংযোগ সড়ক না থাকায় নৌকাই ভরসা
২৫০ মিটার সেতু আছে, সংযোগ সড়ক না থাকায় ভরসা নৌকা। ছবি: এশিয়া পোস্ট

দিনাজপুর সদর উপজেলার ঘুঘুডাঙ্গা ও বিরল উপজেলার বসন্তপুর চকেরহাট এলাকার মাঝ দিয়ে প্রবাহিত পুনর্ভবা নদীর ওপর নির্মাণ করা হয়েছে ২৫০ মিটার দীর্ঘ একটি সেতু। সেতুটি নির্মাণ করতেই আট বছর পার হয়েছে। কিন্তু সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় সেতুটি ব্যবহার করতে পারছেন না দুই পাড়ের কয়েক হাজার মানুষ। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার হচ্ছেন তারা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২০ অক্টোবর সেতুটির নির্মাণকাজের উদ্বোধন করেন দিনাজপুর-২ আসনের তৎকালীন সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী। ২৫০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ২২ কোটি ৫৭ লাখ ৮১ হাজার টাকা। সেতুটির ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল তমা কনট্রাকশন। অভিযোগ রয়েছে, তমা কনট্রাকশনের অংশীদার হিসেবে ছিলেন তৎকালীন সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী। চলতি বছরের জুন মাসে সেতুটির নির্মাণকাজ শেষ হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নদী ও মাটির ওপর দাঁড়িয়ে আছে একটি সেতু। পাশেই বড় নৌকায় মোটরসাইকেল, সাইকেল, ভ্যানসহ সাধারণ মানুষ ও পশু পারাপার হচ্ছেন। নদীর স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন দুই পাড়ের কয়েক হাজার মানুষ। শুষ্ক মৌসুমে ঝুঁকি কিছুটা কম থাকলেও বর্ষা মৌসুমে নৌকায় নদী পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

ছবি: এশিয়া পোস্ট
ছবি: এশিয়া পোস্ট

স্থানীয়রা জানান, বেশি পরিমাণ মালপত্র ও কৃষিপণ্য নিয়ে সাধারণ মানুষকে প্রায় ১৫ কিলোমিটার পথ ঘুরে শহরে আসতে হয়। সেতুটির সংযোগ সড়ক না থাকায় ওই এলাকায় অসুস্থ রোগী নিয়ে চরম বেকায়দায় পড়তে হয় স্বজনদের। শুধু নয় তাই, সম্প্রতি নৌকায় নদী পার হতে গিয়ে ডুবে মারা যান আফজাল হোসেন (৫৫) নামে এক ব্যক্তি।

বিরল উপজেলার ধুলাতৈর গ্রামের আবেদ আলী বলেন, সেতুটি চালু না হওয়ার কারণে এই এলাকার কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। পাশাপাশি অসুস্থ রোগী নিয়ে খুবই বিপদে পড়তে হয়। সেতুটি চালু হলে এলাকার অনেক উপকার হবে।

মোটরসাইকেল চালক জাকির হোসেন বলেন, সেতুর কাজ শুরু হয় ২০১৮ সালে। এরপর থেকে খুব ধীরগতিতে কাজ হয়েছে। চলতি বছরে কাজ শেষ হয়েছে। কিন্তু রাস্তা না থাকায় খুবই সমস্যা হচ্ছে। দিনে তিন থেকে চারবার মোটরসাইকেল নিয়ে নৌকায় নদী পার হতে হয়। শুষ্ক মৌসুমে নৌকায় মোটরসাইকেল পারাপারে কোনো সমস্যা না হলেও বর্ষার সময় খুবই সমস্যা হয়। অনেক সময় মোটরসাইকেল পানিতে পড়ে যায়। মানুষও পানিতে পড়ে যায়। জানমালের ক্ষতি হয়।

মোজাফ্ফর হোসেন বলেন, আমার বাসা বিরল উপজেলার কালিয়াগঞ্জ বাজারে। দিনাজপুর শহরে যেতে হলে নৌকা পার হতে হয়। নইলে আরও ১৫ কিলোমিটার বেশি ঘুরে অন্য সেতু পার হয়ে শহরে যেতে হয়। সেতুটির কাজ শেষ হয়েছে। কিন্তু রাস্তা না থাকায় ব্যবহার করা যাচ্ছে না। ঝুঁকি নিয়ে নৌকায় পার হতে হচ্ছে।

বিরল উপজেলার মোকলেমা খাতুন বলেন, আমার ছেলে-মেয়ে ঘুঘুডাঙ্গা স্কুলে পড়ে। তারা নৌকায় নদী পার হয়ে স্কুলে যায়। সব বাচ্চা একসঙ্গে নৌকায় পার হয়ে স্কুলে যায়। নদী পার হওয়ার জন্য একটি নৌকা রয়েছে। এ কারণে অনেক বাচ্চা দেরি করে স্কুলে যায়। নৌকায় নদী পার হতে গিয়ে অনেক সময় বাচ্চারা পানিতে পড়ে যায়, স্কুলের বই-খাতা ভিজে যায়। বাচ্চাদের স্কুলে পাঠিয়ে আমরা চিন্তায় থাকি। সেতু না থাকার কারণে আমাদের কৃষিকাজেও অনেক সমস্যা হচ্ছে। ঠিকমতো শাকসবজি শহরে নিয়ে যেতে পারি না। ১৫ কিলোমিটার রাস্তা ঘুরে শহরে যেতে গেলে শাকসবজি বিক্রি করে লাভ হয় না।

ছবি: এশিয়া পোস্ট
ছবি: এশিয়া পোস্ট

ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির ছাত্রী সাদিয়া জাহান বলেন, আমার বাসা নদীর ওই পারে চকেরহাটে। আমাদের নৌকায় নদী পার হয়ে স্কুলে আসতে হয়। নৌকায় নদী পার হতে গিয়ে অনেক ভয় লাগে। কয়েক দিন আগে নৌকা ডুবে দুই শিশুকে বাঁচাতে গিয়ে এক ব্যক্তি পানিতে ডুবে মারা গেছেন।

ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ ছগীর আহাম্মদ বলেন, এই বিদ্যালয়ের অর্ধেক শিক্ষার্থীই নদীর ওই পাড়ের বাসিন্দা। সকালে ঝুঁকি নিয়ে নদী পার হতে হয় তাদের। অনেক সময় শিক্ষার্থীরা নদীতে পড়ে যায়। সেতুটি নির্মাণ হতে দীর্ঘদিন লেগেছে। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেতুটি দুই পাড়ের মানুষের কোনো কাজেই লাগছে না।

দিনাজপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. আলী হোসেন বলেন, সেতুটির সংযোগ সড়কের প্রাক্কলিত দর ইতিমধ্যে প্রকল্প পরিচালক বরাবর পাঠিয়ে দেওয়া হয়েছে। খুব শিগগিরই প্রকল্পটি অনুমোদন পেলে আমরা সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যমে কাজ শুরু করে দেব।

আকরাম হোসেন

সম্পাদনা

আকরাম হোসেন

সহকারী বার্তা সম্পাদক | এশিয়া পোস্ট