logo

গাজীপুরে সুজনের সহসভাপতির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

গাজীপুরে সুজনের সহসভাপতির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) গাজীপুর জেলা শাখার সহসভাপতি মো. কামরুজ্জামান মোল্লার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ মর্চি) রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর মহানগরের পূর্ব ধীরাশ্রম এলাকা থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়।

কামরুজ্জামান মোল্লা গাজীপুর মহানগরের ৫০ নম্বর ওয়ার্ডের গাজীপুরা এলাকার বাসিন্দা ও ইদ্রিস আলীর ছেলে। তিনি ঠিকাদারি ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে তিনি নিজ বাসা থেকে গাজীপুর আদালতে একটি মামলা সংক্রান্ত কাজে যান। নির্ধারিত বিচারক উপস্থিত না থাকায় আদালতের কার্যক্রম হয়নি। পরে তিনি আইনজীবীর চেম্বার থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। রাত গভীর হলেও তিনি না ফেরায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। রাত ২টার দিকে পুলিশ পরিবারের সদস্যদের তার মরদেহ উদ্ধারের খবর দেয়।

পুলিশ জানায়, দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। পরে ধীরাশ্রম এলাকার একটি সড়কের পাশে মরদেহ ফেলে পালিয়ে যায়। রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখতে পান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

কামরুজ্জামান মোল্লার ছোট ভাই কবিরুল ইসলাম বলেন, কারও সঙ্গে তার বিবাদ ছিল না। তবে ব্যবসার কোনো টাকা-পয়সার লেনদেন নিয়ে শত্রুতা থাকতে পারে। ময়নাতদন্ত শেষে পুলিশ মরদেহ আমাদের কাছে হস্তান্তর করেছে।

গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের ছেলে কৌশিক জামান বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।