logo

গোপালগঞ্জে ধর্ষণ মামলায় ফিরোজের যাবজ্জীবন কারাদণ্ড

গোপালগঞ্জে ধর্ষণ মামলায় ফিরোজের যাবজ্জীবন কারাদণ্ড
আদালতে আসামি ফিরোজ সিকদার। ছবি: এশিয়া পোস্ট

গোপালগঞ্জে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের মামলায় ফিরোজ সিকদার নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৬ ডিসেম্বর রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুইশুর এলাকায় ১৫ বছরের ওই কিশোরীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করেন ফিরোজ সিকদার। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে পালিয়ে যান তিনি।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার কাশিয়ানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও গোপালগঞ্জের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. তৌফিকুল ইসলাম বলেন, এ ধরনের দৃষ্টান্তমূলক রায়ের মাধ্যমে শিশু নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।