logo

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় মামলা

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় মামলা
অগ্নিকাণ্ডের পর টুপটুপ রিসোর্ট। ছবি : এশিয়া পোস্ট

কক্সবাজারের পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

শনিবার রাত ১০ টা ১৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেছে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার। তবে তিনি মামলা কতজন এবং কারা আসামি বিষয়টি প্রকাশ করতে রাজি হননি।

উখিয়া থানা ‍পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলছে, মামলায় প্রধান আসামি করা হয়েছে টুপটুপ রিসোর্টের মালিক বোয়ালখালীর বাসিন্দা তানভীর আহমদকে। এ মামলায় ম্যানেজার মোহাম্মদ সুমনও আসামি। তবে কতজন আসামি ওই সূত্রটি জানাতে পারেননি। ইতিমধ্যে সুমনকে পুলিশ আটক করে এই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে।

এদিকে উদ্ধার হওয়া মরদেহের ব্যাপারে ডিএনএ পরীক্ষার পর সিদ্ধান্ত গ্রহণের কথা জানিয়েছেন উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার।

তিনি জানান, উদ্ধার, নিখোঁজ, পরিচয় নিশ্চিতে বিষয়টি নিয়ে বিভ্রান্ত দূর করতে ডিএনএ পরীক্ষার পর এসব মরদেহ স্বজনদের হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এর আগ পর্যন্ত মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হবে।

কক্সবাজারস্থ সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, ডিএনএ পরীক্ষার জন্য কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে ঢাকা থেকে সিআইডির বিশেষজ্ঞ দল নিয়ে এসে এখানেই ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হবে। এভাবে প্রয়োজনীয় ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে।