logo

প্রভাবমুক্ত বিচার বিভাগই মানুষের অধিকার নিশ্চিত করবে: মির্জা ফখরুল

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, ঠাকুরগাঁও
প্রভাবমুক্ত বিচার বিভাগই মানুষের অধিকার নিশ্চিত করবে: মির্জা ফখরুল
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : এশিয়া পোস্ট

বিচার বিভাগকে প্রভাবমুক্ত রেখে ন্যায়বিচার নিশ্চিত করা গেলে দেশের সাধারণ মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান বিএনপি সরকার দেশে ন্যায়বিচার, আইনের শাসন ও সামাজিক ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশ একটি ফ্যাসিবাদী শাসনব্যবস্থা থেকে বেরিয়ে এসেছে। এর ফলে দেশে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে, যা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ তৈরি করেছে।

তিনি বলেন, গণতন্ত্রের সুষ্ঠু চর্চা অব্যাহত থাকলে রাষ্ট্রের অন্যান্য সমস্যারও সমাধান সম্ভব। শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি বিচার বিভাগকে স্বাধীন ও প্রভাবমুক্ত রেখে প্রকৃত ন্যায়বিচার নিশ্চিত করতে পারলে জনগণ সবচেয়ে বেশি সুফল ভোগ করবে।

বিএনপির মহাসচিব আরও বলেন, প্রশাসনকে দক্ষ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে পারলে রাষ্ট্র আরও শক্তিশালী হবে। একই সঙ্গে জাতীয় সংসদের স্থায়ী কমিটিগুলোকে কার্যকর ও সক্রিয় করা গেলে গণতান্ত্রিক শাসনব্যবস্থা আরও সুদৃঢ় হবে। তিনি ন্যায়ভিত্তিক সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন।

অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, আইনজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।