মেহেরপুরে মাদক ও গুলিসহ বাবা-ছেলে আটক

মেহেরপুর শহরের তাঁতিপাড়ায় জেলা প্রশাসন, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ টাস্কফোর্স অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, গুলি ও নগদ টাকাসহ বাবা ও ছেলেকে আটক করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মেহেরপুর শহরের মাদক কারবারি ফিরোজ হোসেন ও তার ছেলে আমানউল্লাহ আমান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাঁতিপাড়ায় ফিরোজ হোসেনের বসতবাড়িতে অভিযান চালায় যৌথ টাস্কফোর্সের একটি দল। অভিযান চলাকালে বাড়িটিতে ব্যাপক তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজা, ৩৭৩ পিস ইয়াবা, পিস্তলের ৫ রাউন্ড গুলি, দুটি মোবাইল এবং মাদক বিক্রির নগদ ৯ লাখ টাকা জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম জানান, আটককৃত বাবা-ছেলে দীর্ঘদিন ধরে মেহেরপুর শহর ও আশপাশের এলাকায় একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে মাদকের কারবার চালিয়ে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়েই পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরকে সঙ্গে নিয়ে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, আটক বাবা-ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মেহেরপুর সদর থানায় নিয়মিত দুটি পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত ৯ লাখ টাকা আইনি নিয়মে সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে এবং আটককৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

