নদীতে গোসলে নেমে এক শিশুর মৃত্যু, আরেক শিশু নিখোঁজ

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ডাকাতিয়া নদীতে ডুবে গেছে দুই শিশু। রোববার (১৯ এপ্রিল) দুপুরের পর এ দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার হলেও অপরজন এখনো নিখোঁজ রয়েছে।
জানা গেছে, প্রতিদিন শিশুরা ডাকাতিয়া নদীতে গোসল করে। রোববার একই বাড়ির মোহাম্মদ আলীর ছয় বছরের ছেলে মো. শাহাদাত ও মাঈনুদ্দিনের ছয় বছরের ছেলে মাহমুদ ডাকাতিয়া নদীতে গোসল করতে যায়। পানিতে নেমে দুই শিশু খেলা করছিল। খেলার ছলে একে অপরকে জড়িয়ে ধরে। একপর্যায়ে পানির স্রোতে দুজন তলিয়ে যায়।
এ খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন এসে খোঁজাখুঁজি করেও তাদের উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে শাহাদাতের লাশ উদ্ধার করে। রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশু মাহমুদ নিখোঁজ রয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহম্মেদ বলেন, দুই শিশুর মধ্যে শাহাদাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শিশুকে উদ্ধারের তৎপরতা চলছে।