logo

শিমগাছ নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

শিমগাছ নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
মো. ফিরোজ। ছবি : পারিবারিক সূত্রে পাওয়া

ভোলার লালমোহন উপজেলায় শিমগাছ রোপণ নিয়ে বিরোধের জেরে মো. ফিরোজ (৪৫) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে, শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বারের দোকান এলাকার ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজ ওই এলাকার কাশেম আলীর ছেলে। তিনি কালমা ইউনিয়ন (উত্তর) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ফিরোজ একই বাড়ির কাজলের ঘরের পাশে নিজের জমিতে শিমগাছ রোপণ করে বাঁশের বেড়া দেন। শুক্রবার জুমার নামাজের পর কাজলের স্ত্রী জান্নাত ওই বেড়া কেটে ফেলেন বলে অভিযোগ রয়েছে। নামাজ শেষে ফিরোজ বিষয়টি দেখে তাকে বাধা দিলে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে জান্নাতের স্বামী কাজল সেখানে এসে দা দিয়ে ফিরোজকে এলোপাতাড়ি কোপাতে থাকেন বলে অভিযোগ করা হয়েছে।

পরে গুরুতর আহত অবস্থায় ফিরোজকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে সেখানকার চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠান। পরে স্বজনেরা তাকে ঢাকায় নিয়ে যান। শনিবার বিকেলে রাজধানীর সুপারম্যাক্স হেলথ কেয়ার লিমিটেড নামের একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) মো. নূরুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযুক্ত কাজলকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।