logo

স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ গেল স্বামীর

স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ গেল স্বামীর
নড়াইলের মালিডাঙ্গা গ্রামে কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত স্বামী-স্ত্রীর একসঙ্গে জানাজা অনুষ্ঠিত। ছবি: এশিয়া পোস্ট

স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মসজিদে ফজরের নামাজ আদায়রত অবস্থায় মারা গেলেন স্বামীও। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নড়াইলের সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে।

শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে বাড়িতেই মারা যান নীলে বেগম। এর সাড়ে ৩ ঘণ্টা পর ফজরের নামাজ আদায়রত অবস্থায় মারা যান তার স্বামী রোমান মোল্যা (৬০)।

জানা যায়, স্ত্রীর মরদেহ বাড়িতে রেখে ফজরের আজান দিতে ও নামাজ আদায় করতে মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদে যান রোমান মোল্যা। তিনি ওই মসজিদের নিয়মিত মুয়াজ্জিন ছিলেন। সেখানে নামাজরত অবস্থায় তার মৃত্যু হয়।

রোববার (১১ অক্টোবর) জোহরের নামাজের পর তাদের একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়। এই দম্পতির একমাত্র ছেলে জসিম কুয়েত থেকে দেশে ফেরার পর আজ সোমবার (১২ অক্টোবর) দাফন করা হবে বলে জানা গেছে।

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব বলেন, রোমান মোল্যার স্ত্রী প্রায় সাত বছর ধরে প্যারালাইসিসে ভুগেছেন। বেশিরভাগ সময় অসুস্থ থাকতেন। দীর্ঘদিন ধরে অসুস্থ স্ত্রীর সঙ্গে জীবন কাটিয়েছেন রোমান মোল্যা। স্ত্রীর মৃত্যুর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর নামাজ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে তিনিও মারা যান।

তিরি আরও জানান, তাদের ছেলে কুয়েত থেকে দেশে ফেরার পর আজ সোমবার দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা রয়েছে।