নিজের বাল্যবিয়ে ঠেকানো তহমিনা পেল ‘কন্যা সাহসিকতার’ সম্মাননা

পিরোজপুরের জিয়ানগরের সাহসী শিক্ষার্থী তহমিনা আক্তার বাল্যবিবাহ থেকে নিজেকে রক্ষা করে শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ের স্বীকৃতি হিসেবে ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা স্মারক পেয়েছে। পাশাপাশি তাকে সনদ ও পড়াশোনা অব্যাহত রাখতে আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তহমিনা আক্তারের হাতে ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা স্মারক, সনদ এবং আর্থিক অনুদান তুলে দেন জেলা প্রশাসক আবু সাঈদ।
তহমিনা আক্তার জিয়ানগর সরকারি সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। সে উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের চাড়াখালী ওয়ার্ডের বাসিন্দা আলম হাওলাদারের মেয়ে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান এ বিষয়ে বলেন, তহমিনা আক্তার যে সাহসিকতার পরিচয় দিয়েছে, তা আমাদের মুগ্ধ করেছে। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তাকে পুরস্কৃত করতে পেরে আমরা আনন্দিত।
এর আগে গত ১৮ এপ্রিল বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেতে তহমিনা জিয়ানগর থানায় আশ্রয় নেয়। পরে উপজেলা প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় তার বাল্যবিয়ের আয়োজন বন্ধ করা হয়। একই সঙ্গে তার বাবা আলম হাওলাদারের কাছ থেকে ভবিষ্যতে বাল্যবিয়ে দেবেন না—এ মর্মে মুচলেকা নেওয়া হয়।