logo

৩০০ পরীক্ষার্থীর মধ্যে পাস তিনজন, শিক্ষকদের ফুল দিয়ে প্রতিবাদ

৩০০ পরীক্ষার্থীর মধ্যে পাস তিনজন, শিক্ষকদের ফুল দিয়ে প্রতিবাদ
৩০০ পরীক্ষার্থীর মধ্যে পাস তিনজন, শিক্ষকদের ফুল দিয়ে প্রতিবাদ। ছবি: এশিয়া পোস্ট

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজের ফলাফলে চরম বিপর্যয় দেখা দিয়েছে। কলেজটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৩০০ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র ৩ জন। অকৃতকার্য হয়েছেন ২৪৭ জন পরীক্ষার্থী। পাসের হার ১৭ দশমিক ৬৭ শতাংশ।

এমন ফলাফলের প্রতিবাদে কলেজের অধ্যক্ষসহ শিক্ষকদের ফুলের তোড়া দিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদল। রোববার (১ নভেম্বর) সকালে কলেজের অফিসকক্ষে উপস্থিত হয়ে অধ্যক্ষ নাজমা বেগমসহ শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানান ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মেহেদী, সহসভাপতি সজিবুর রহমান শান্ত, নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি তারিক আজিজ, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেনসহ কলেজ ছাত্রদলের নেতারা।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মেহেদী বলেন, এমন বিপর্যয়কর ফলাফলের দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না। শিক্ষার্থীদের এমন ফলাফলের প্রতিবাদ জানাতেই উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অধ্যক্ষ ও শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

তিনি বলেন, শিক্ষকদের স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, ভবিষ্যতে রাজনৈতিক বিবেচনায় কোনো শিক্ষার্থীর ফরম পূরণ বা এ-সংক্রান্ত তদবির নিয়ে ছাত্রদল কিংবা বিএনপির কোনো অঙ্গসংগঠনের নেতাকর্মী কলেজে যাবেন না। শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করতে হবে। মেধার ভিত্তিতেই শিক্ষার্থীদের ফরম পূরণ নিশ্চিত করতে হবে, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়।

নুর মোহাম্মদ মেহেদী আরও বলেন, ফুল আমাদের প্রতিবাদের ভাষা। শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যতে শিক্ষার্থীরা যাতে ভালো ফলাফল করতে পারেন, সে জন্য ছাত্রদলের সহযোগিতা অব্যাহত থাকবে।

এ বিষয়ে বক্তব্য জানতে নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজমা বেগমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।