বাবুগঞ্জে রাজারবের খাল পরিষ্কারে দুই শতাধিক তরুণ

দীর্ঘদিনের ময়লা-আবর্জনা আর কচুরিপানায় নাব্যতা হারাতে বসেছে বরিশালের বাবুগঞ্জের ঐতিহ্যবাহী রাজারবের খাল। খালটি পরিচ্ছন্ন ও দূষণমুক্ত করতে এবার মাঠে নেমেছেন দুই শতাধিক তরুণ-তরুণী। বিডি ক্লিনের সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে এ পরিচ্ছন্নতা অভিযান।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার মাধবপাশা ব্রিজসংলগ্ন রাজারবের খালে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন। পরে অংশগ্রহণকারীদের শপথবাক্য পাঠ করান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার।
পরিচ্ছন্নতা অভিযানে বিডি ক্লিনের সদস্যদের পাশাপাশি স্থানীয় তরুণরা অংশ নেন। সংসদ সদস্য জয়নুল আবেদীনও তাদের সঙ্গে খালের বিভিন্ন অংশে নেমে কচুরিপানা, ময়লা-আবর্জনা ও বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করেন। একই সঙ্গে খাল ও জলাশয়ে ময়লা না ফেলার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালের বিভিন্ন স্থানে কচুরিপানা ও বর্জ্য জমে থাকায় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি জলাবদ্ধতার আশঙ্কাও তৈরি হয়েছে। তাদের দাবি, এক দিনের পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি নিয়মিত খালটি পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন।
উপজেলা প্রশাসন ও বিডি ক্লিনের পক্ষ থেকে বলা হয়, শুধু এক দিনের পরিচ্ছন্নতা অভিযান নয়, রাজারবের খালকে দীর্ঘমেয়াদে পরিচ্ছন্ন রাখতে ধারাবাহিক কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার বিষয়ে স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়ানো হবে।
বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা বলেন, ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’—এই প্রত্যয় সামনে রেখে তারা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। স্থানীয় মানুষকে সম্পৃক্ত করে রাজারবের খালসহ আশপাশের জলাশয়গুলো পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
পরিচ্ছন্নতা অভিযানে আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমদ খান, সদস্যসচিব ওয়াহিদুল ইসলাম পিন্স, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাদশা, মোস্তাফিজুর রহমান ফারুক, আরিফুর রহমান শিমুল সিকদার এবং রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজন সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

