logo

সুনামগঞ্জে শহীদ মিনারে নিষিদ্ধ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

সুনামগঞ্জে শহীদ মিনারে নিষিদ্ধ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে সুনামগঞ্জে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে পৃথকভাবে সুনামগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারে ও দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁওয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 

নিষিদ্ধ ঘোষিত সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হোসেন পলাশ ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সায়েম। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পর তারা নিজেরাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন। ছবিতে শুধু তাদের দুজনকেই দেখা গেছে। পরে তাদের শ্রদ্ধাঞ্জলি প্রদানের ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে গভীর রাতে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি প্রকাশ করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে।