মাইক্রোবাসে তুলে নেওয়া সেই এসএসসি পরীক্ষার্থী উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে ১৬ বছর বয়সী এক এসএসসি পরীক্ষার্থীকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় জিসান আহাম্মেদ (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহৃত ওই পরীক্ষার্থীকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) ভোরে ঝিনাইদহ শহরের মূল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর রাম গোপাল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী লামিয়া খাতুন রাত্রীকে (১৬) দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও নানা কুপ্রস্তাব দিয়ে আসছিলেন জিসান আহাম্মেদ ও তার সহযোগীরা। গত ১৯ আগস্ট সকাল ১১টার দিকে আত্মীয়ের বাড়ি থেকে কালীগঞ্জ বাজারে যাওয়ার পথে পাইকপাড়া গ্রামের কড়ইতলা ঈদগাহের সামনে পৌঁছালে রাত্রীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় গত ২৭ আগস্ট কালীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করা হয়। পরবর্তীতে শুক্রবার রাত পৌনে ৩টার দিকে ঝিনাইদহ শহরের মূল বাসস্ট্যান্ড এলাকা থেকে মামলার প্রধান আসামি জিসান আহাম্মেদকে গ্রেপ্তার করে পুলিশ। একই সঙ্গে অপহৃত শিক্ষার্থীকে অক্ষত ও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
অন্যদিকে, বিকাশ ডিস্ট্রিবিউটর সেলস অফিসার (ডিএসও) জাবেদ আলীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় জহির হোসেন ভূঁইয়া নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কালীগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, পৃথক দুটি ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অপহরণ মামলার ভিকটিমকে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এ সব ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার করা আসামিদের আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।


