শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ঝিনাইদহ সদর উপজেলার ঝিনুক মালা আবাসন প্রকল্পে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনিতে বিল্লাল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
বিল্লাল হোসেন (৪০) মাগুরার মোহাম্মদপুর উপজেলার দেউলি গ্রামের বরকত উল্লাহর ছেলে। তিনি পেশায় রিকশাচালক।
সদর থানা পুলিশ জানায়, বিল্লাল হোসেন সাত দিন আগে ঝিনাইদহ ঝিনুক মালা আবাসন প্রকল্পের একটি ঘরে বসবাস শুরু করেন। এখানে থেকে তিনি রিকশা চালাতেন। আজ দুপুরে ওই আবাসন প্রকল্পেরই সাত বছরের এক শিশুকে টাকার প্রলোভন দিয়ে ঘরের ভেতরে ডেকে ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা বিষয়টি টের পেয়ে বিল্লাল হোসেনকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়। মামলা তদন্ত অবস্থায় আজ সন্ধ্যায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অভিযুক্ত বিল্লাল হোসেন মারা যান।
বিল্লাল হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিঘয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
