logo

প্রধানমন্ত্রীর হাত থেকে সেরা খামারির স্বর্ণপদক নিলেন মন্ত্রী আরিফুল হক

প্রধানমন্ত্রীর হাত থেকে সেরা খামারির স্বর্ণপদক নিলেন মন্ত্রী আরিফুল হক
প্রধানমন্ত্রীর হাত থেকে সেরা খামারির স্বর্ণপদক নিচ্ছেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: এশিয়া পোস্ট

দুই মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি সফল কৃষি উদ্যোক্তা ও খামারি হিসেবে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেটের লাখাউরায় তার প্রতিষ্ঠিত ‘আফসা হক ডেইরি ফার্ম’-এর সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে স্বর্ণপদক দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের বাণিজ্য মেলা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সেরা খামারির সম্মাননা স্মারক, স্বর্ণপদক ও নগদ অর্থের চেক গ্রহণ করেন তিনি।

Advertisement

জানা গেছে, সিলেট নগরীর এয়ারপোর্ট রোডের লাখাউরায় অবস্থিত ‘আফসা হক ডেইরি ফার্ম’ দীর্ঘদিন ধরে গবাদিপশু পালন ও দুগ্ধ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। গরু, মহিষ, ছাগল ও ভেড়াসহ বিভিন্ন জাতের গবাদিপশু নিয়ে গড়ে তোলা এই আধুনিক খামারটি তার কৃষি উদ্যোক্তা পরিচয়ের দৃষ্টান্ত। খামার পরিচালনায় বিশেষ অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে এবার জাতীয় পর্যায়ে তাকে সেরা খামারি নির্বাচিত করা হয়েছে।

পুরস্কার গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আরিফুল হক চৌধুরী ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দেশের প্রান্তিক ও বাণিজ্যিক খামারিদের বাস্তব সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন। এ সময় তিনি প্রাণিসম্পদ খাতের বিকাশে খামারিদের জন্য সরকারি প্রণোদনা ও প্রয়োজনীয় সহযোগিতা আরও বাড়াতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।