মীরগঞ্জ/ফেরি বন্ধ রাত ৮টায়, ট্রলারে বাড়তি ভাড়ায় ভোগান্তি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ-মুলাদী ফেরিঘাট দিয়ে প্রতিদিন প্রায় অর্ধলক্ষ মানুষের পাশাপাশি অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী যানবাহন আড়িয়াল খাঁ নদ পারাপার হয়। কিন্তু রাত ৮টা বাজলেই ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এরপর শুরু হয় রিজার্ভ ট্রলার বাণিজ্য। গুনতে হয় দ্বিগুণ টাকা।
বাবুগঞ্জ, মুলাদী ও হিজলা উপজেলা এবং কাজিরহাট থানার মানুষের বরিশাল নগরের সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই ঘাটে যুগের পর যুগ ধরে এমন দুর্ভোগ চলছে। বর্ষা মৌসুমে রাতে যাতায়াতের প্রয়োজন আরও বাড়লেও ফেরি সার্ভিসের সময় না বাড়ায় সন্ধ্যার পর ঘাটে পৌঁছানো মানুষকে বাধ্য হয়েই বাড়তি ভাড়ায় ট্রলারে নদী পার হতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনে ফেরিতে জনপ্রতি ভাড়া ১৫ টাকা হলেও রাত ৮টার পর ফেরি বন্ধ হলে ট্রলারে গুনতে হয় ৩০ টাকা। আর মোটরসাইকেলসহ পারাপারে দিতে হয় প্রায় ৫০ টাকা।
বরিশাল থেকে নিয়মিত যাতায়াতকারী রাসেল বলেন, আমি বরিশালে চাকরি করি, স্ত্রী চাকরি করেন মুলাদীতে। প্রতিদিন বরিশাল থেকে শত শত মানুষ রাত ৯টার পর বাড়ি ফেরেন। কিন্তু ফেরি বন্ধ থাকায় বাধ্য হয়ে রিজার্ভ ট্রলারে বাড়তি টাকা দিয়ে পার হতে হয়। মীরগঞ্জে সেতু হলে এই দুর্ভোগ থেকে মানুষ মুক্তি পেত।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন মুলাদী, হিজলা ও কাজিরহাট থেকে চিকিৎসা নিতে বরিশাল নগরে আসা রোগী ও তাদের স্বজনেরা। চিকিৎসা শেষে রাতে ঘাটে এসে ফেরি না পেয়ে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে।
নাম প্রকাশ না করার শর্তে মুলাদীতে কর্মরত একাধিক সরকারি কর্মকর্তা জানান, রাত ৮টার পর মুলাদী, হিজলা ও কাজিরহাটের মানুষ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েন। দীর্ঘদিন ধরে ফেরির সময়সীমা বাড়িয়ে রাত ১০টা পর্যন্ত করার দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি।
এ নিয়ে গত ১৩ আগস্ট মুলাদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ফেরির সময় বাড়ানোর দাবি তোলা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম সরওয়ারের সভাপতিত্বে সভায় মীরগঞ্জ ফেরি রাত ১০টা পর্যন্ত চালুর জোর দাবি জানান মুলাদী পৌর ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান ও উপজেলা বিএনপির আহ্বায়ক শরিয়াতুল্লাহ।
মুলাদী উপজেলা বিএনপির আহ্বায়ক শরিয়াতুল্লাহ বলেন, মুলাদী ও হিজলার মানুষের জন্য ফেরি সার্ভিস রাত ১০টা পর্যন্ত চালু রাখা জরুরি হয়ে পড়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা সভায় জানানো হলে ইউএনও গুরুত্বের সঙ্গে নিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার বলেন, জনস্বার্থে মীরগঞ্জ ফেরি রাত ১০টা পর্যন্ত চালুর প্রস্তাব গত মাসের জেলা সমন্বয় সভায় দেওয়া হয়েছিল। সেখানে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ট্রিপ বাড়ানোর আশ্বাস দেওয়া সত্ত্বেও কেন তা কার্যকর হয়নি, খতিয়ে দেখা হবে। ফেরি বন্ধের পর রিজার্ভের নামে বাড়তি অর্থ আদায়ের বিষয়টিও আমাদের জানা আছে, তাই জনস্বার্থে ফেরির সময় রাত ১০টা পর্যন্ত বাড়াতেই হবে।



