গেম খেলার সময় ফোন বিস্ফোরণ, যুবকের দৃষ্টিশক্তি হারানোর শঙ্কা

লক্ষ্মীপুরের রায়পুরে গেম খেলার সময় অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের আকস্মিক বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে মো. রুবেল (২২) নামের এক যুবকের দুই চোখই গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা করছেন চিকিৎসকেরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা এলাকার চৌধুরী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. ইমরান হোসেন মনজু জানান, বিস্ফোরণে রুবেলের চোখ ও মুখমণ্ডলে গুরুতর ক্ষত হয়েছে। চোখের ভেতরের অংশেও মারাত্মক ক্ষতি হওয়ায় তার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। অপর আহত শাকিলকে রায়পুরে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সোনাপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুন বলেন, চার্জে থাকা অবস্থায় মোবাইল ফোনে গেম খেলার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, মোবাইল ফোন কী কারণে বিস্ফোরিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এ ঘটনায় পুলিশ বিষয়টি তদন্ত করছে।