logo

সময় বেঁধে দিয়ে লাপাত্তা পাম্প কর্তৃপক্ষ, অভিযানে এসে ফিরে গেলেন ইউএনও

সময় বেঁধে দিয়ে লাপাত্তা পাম্প কর্তৃপক্ষ, অভিযানে এসে ফিরে গেলেন ইউএনও

লক্ষ্মীপুরে একটি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ মোটরসাইকেলে তেল বিক্রির সময় বেঁধে দিয়ে একঘণ্টা আগেই পাম্পে তালা ঝুলিয়ে চলে গেছে। যার ফলে ভোগান্তিতে পড়েছেন শতাধিক মোটরসাইকেল চালক।

সোমবার (৩০ মার্চ) দুপুরে খবর পেয়ে জেলা শহরের দক্ষিণ তেহমুনী জনতা ফিলিং স্টেশনে অভিযানে এসে ফিরে যেতে হয়েছে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাসকে।

একাধিক মোটরসাইকেল চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে দক্ষিণ তেহমুনী পেট্রোল পাম্পে পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। হঠাৎ রোববার দিনের বেলা পাম্প কর্তৃপক্ষ তেল বিক্রি করে। সন্ধ্যা ও রাতে তেলের জন্য গেলে পাম্প ম্যানেজার মো. রাসেলসহ অন্য কর্মচারীরা নির্ধারিত সময় বেঁধে দেন। আজ সোমবার বেলা ১১টা থেকে তেল বিক্রি করা হবে বলে জানান। এজন্য মোটরসাইকেল চালকরা সকাল ৯টার পর থেকে তেলের জন্য পেট্রোল পাম্পে অবস্থান সিরিয়াল দেন। কিন্ত সকাল ১০টার পর অফিসকক্ষে তালা ঝুলিয়ে পাম্প থেকে চলে যান কর্মকর্তা-কর্মচারীরা।

মেসার্স জনতা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মো. জাহাঙ্গীর আলম ও তার ম্যানেজার রাসেলের মোবাইলফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, খবর পেয়ে আমরা পেট্রোল পাম্পটি পরিদর্শন করি। পাম্প কর্তৃপক্ষকে পাওয়া যায়নি। নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসার ছিলেন। আমরা তাকে দায়িত্ব দিয়েছি—পেট্রোল পাম্পের লোকজন এলে আমাদের খবর দেওয়ার জন্য।