১৬ ডিসেম্বর ছাত্রদল নেতাকে হত্যার হুমকি, পাঠানো হলো কাফনের কাপড়-আগরবাতি

নেত্রকোনায় কাফনের কাপড় পাঠিয়ে সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলামকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ভোরে শহরের সাতপাই এলাকায় আমিরুল ইসলামের ব্যক্তিগত চেম্বারের সামনে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও হুমকি সংবলিত একটি চিরকুট রেখে যায় দুর্বৃত্তরা।
আমিরুল ইসলামের ধারণা, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা সর্বহারা গ্রুপের নাম ব্যবহার করে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। চিরকুটে আগামী ১৬ ডিসেম্বর শহরের মোক্তারপাড়া এলাকায় জুলাই চত্বরের সামনে তাকে ধরে নিয়ে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আমিরুল ইসলাম আরও জানান, সকালে ব্যক্তিগত চেম্বারের সামনে কাফনের কাপড়সহ হুমকির উপকরণ দেখতে পান তিনি। বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দকে অবগত করা হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
