চাঁপাইনবাবগঞ্জে বাস ধর্মঘট প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জে বাস শ্রমিকদের একাংশের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে জেলাজুড়ে যথারীতি দূরপাল্লাসহ আন্তঃজেলা ও আন্তঃউপজেলা রুটে বাস চলাচল শুরু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান।
জানা যায়, সড়কে বাস থামিয়ে নির্দিষ্ট একটি সংগঠনের নামে চাঁদা আদায়ের অভিযোগ তুলে এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল। জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান মোটরশ্রমিক ইউনিয়নের দাবি ছিল, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নামের একটি সংগঠন চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিপুর এলাকায় অবৈধভাবে বাস থামিয়ে চাঁদা আদায় করছে। এর প্রতিবাদে শুক্রবার দিনভর চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ থাকে, যা সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলে।
এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১টার দিকে এক বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।
সেখানে উভয়পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনা শেষে একটি ফলপ্রসূ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক শেষে শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন এবং আজ থেকে নিয়মিতভাবে যানবাহন চলাচলের আশ্বাস প্রদান করেন। বর্তমানে জেলার সব রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।