logo
Advertisement

ব্যবসায়ীকে অপহরণ করে অশ্লীল ভিডিও, গ্রেপ্তার ২

এশিয়া পোস্ট নিউজ, পঞ্চগড়
ব্যবসায়ীকে অপহরণ করে অশ্লীল ভিডিও, গ্রেপ্তার ২
গ্রেপ্তার দুই সদস্য। ছবি : এশিয়া পোস্ট

পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের এক নারীসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। চক্রটি দীর্ঘদিন ধরে মানুষকে ফাঁদে ফেলে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

সোমবার (২৪ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সদর থানা পুলিশ। এর আগে রোববার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন পঞ্চগড় সদর উপজেলার রাজনগর খালপাড়ার ভাড়াটিয়া বাসিন্দা মো. আবু রায়হান হৃদয় (২৪) এবং পঞ্চগড় পৌরসভার কায়েতপাড়ার সুরাইয়া পারভীন স্বরনী (১৯)।

সম্প্রতি পঞ্চগড়ের এক ব্যবসায়ীকে অপহরণ করে আটকে রেখে জোরপূর্বক অশ্লীল ভিডিও ধারণ করা হয়। পরে ওই ভিডিও প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়। এ ঘটনায় ওই ব্যবসায়ী পঞ্চগড় সদর থানায় মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে হানিট্রাপ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৭ জুলাই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের গেট থেকে ৪ থেকে ৫ জনের একটি হানিট্রাপ চক্র ওই ব্যবসায়ীকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে অশ্লীল ভিডিও ধারণ করা হয়। পরে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া হানিট্রাপ চক্রের দুই সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় :