logo

দুলুর ১০ দফার উন্নয়ন পরিকল্পনা

দুলুর ১০ দফার উন্নয়ন পরিকল্পনা

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। ‘নতুন নাটোর, নতুন আশা’ এই স্লোগানকে সামনে রেখে তিনি গ্যাস সংযোগ, কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনসহ ১০ দফার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে দুলু অগ্রাধিকার ভিত্তিতে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী এবং জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের পরিবারের প্রতি সম্মান প্রদর্শনের অঙ্গীকার করেন। তিনি জানান, নির্বাচিত হলে শহীদ ও আহতদের পরিবারকে ‘কৃষি কার্ড’ ও ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় আনা হবে।

শিল্পায়ন ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, নাটোরে গ্যাস সংযোগ আনার মাধ্যমে নতুন নতুন কল-কারখানা স্থাপন করা হবে, যা বিপুল কর্মসংস্থান সৃষ্টি করবে। এছাড়া কৃষিপ্রধান এই অঞ্চলের কৃষকদের সুবিধার্থে কৃষিভিত্তিক ইপিজেড এবং পর্যাপ্ত হিমাগার নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি। নারী উদ্যোক্তা তৈরি ও তরুণদের ফ্রিল্যান্সিংয়ের সুযোগ বাড়ানোর বিষয়েও তিনি তার পরিকল্পনার কথা জানান।

নাগরিক সুবিধা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নাটোর-নওগাঁ মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং শহরের যানজট নিরসনে রেলগেটে ফ্লাইওভার বা আন্ডারপাস নির্মাণের ঘোষণা দেন দুলু। এছাড়া নারদ নদ সংস্কার করে এর দুই পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ এবং শহরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের প্রতিশ্রুতি দেন।

শিক্ষা ও স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের লক্ষ্য নিয়ে দুলু তার ইশতেহারে নাটোরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেন। পাশাপাশি সদর হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ ও সিসিইউ ইউনিট চালুর আশ্বাস দেন।

প্রযুক্তি ও সাংবাদিকবান্ধব নাটোর গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচিত হলে সংসদে সাংবাদিকদের জন্য ১০ম ওয়েজবোর্ড ঘোষণার উদ্যোগ নেওয়া হবে এবং প্রবীণ সাংবাদিক ও লেখকদের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে। এছাড়াও আইটি পার্ক পূর্ণাঙ্গরূপে চালু, ফ্রি ওয়াইফাই জোন তৈরি এবং নাটোর স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা ইশতেহারে স্থান পেয়েছে।

সংবাদ সম্মেলনে নাটোর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।